সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সর্বস্তরের মানুষ কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধায় জানায়।
কুড়িগ্রাম সরকারি কলেজের চত্বরে চিরনিদ্রায় শায়িত রয়েছেন কবি সৈয়দ হক। গতকাল সকাল থেকে কবির কবরস্থান ফুলে ফুলে ছেয়ে যায়। সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ, কুড়িগ্রাম প্রেসক্লাব, সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময় লেখকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সকাল ১০টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন। এ সময় কবির জীবনী নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
বেলা ১১টার দিকে প্রথম আলো বন্ধুসভা শহরের কলেজ রোডে প্রথম আলোর কার্যালয়ে আলোচনা ও কবির লেখা কবিতা আবৃত্তির আয়োজন করে। সেখানে আলোচনা করেন বন্ধুসভার সদস্য আরিফ, জুয়েল ও সাংবাদিক সফি খান। কবিতা আবৃত্তি করে মামুন, মৌরি ও শিল্পী।