সৈয়দ হককে দেখতে গেলেন রুনা-আলমগীর দম্পতি

‘মনের আকাশে কিছুটা মেঘ জমেছিল। তোমরা আসাতে এক পশলা বৃষ্টি হলো। তারপর সেই মেঘ কেটে গেল।’ রুনা লায়লা ও আলমগীর দম্পতিকে হঠাৎ কাছে পেয়ে এভাবেই নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন লেখক সৈয়দ শামসুল হক।
ফুসফুসে ক্যানসার ধরা পড়ায় বেশ অনেক দিন ধরেই লন্ডনে চিকিৎসাধীন তিনি। আর আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ ও ঈদ-পরবর্তী অবকাশে এখন লন্ডনে আছেন রুনা লায়লা ও আলমগীর দম্পতি। নর্থ লন্ডনে সৈয়দ হক এখন আছেন তাঁর ভাগনি চিকিৎসক নাতাশার বাড়িতে। সেখান থেকে বেশ কাছেই রুনা লায়লার মেয়ে তানি লায়লার বাড়ি। গত মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দ হকের সঙ্গে দেখা করতে এই দম্পতি আকস্মিকভাবেই হাজির হন নাতাশার বাড়িতে।
দুই ঘণ্টা সেখানে অবস্থানের সময়টা তাঁদের কাটে আড্ডা আর স্মৃতিচারণায়। লন্ডন থেকে ফোনে রুনা লায়লা বলেন, ‘হক ভাই অসুস্থ, লন্ডনে আছেন, আমরাও এখন এখানে। মনে হলো, দেখে আসা উচিত। তাই আমরা গিয়েছিলাম।’
কেমন দেখলেন—জানতে চাইলে আলমগীর বলেন, ‘তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। ডাক্তার যদি অনুমতি দেন, তবে কিছুদিন পর ১৫ দিনের জন্য তিনি ঢাকায় আসতে পারেন।’
আলমগীর আরও জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সৈয়দ হক লেখালেখি শুরু করেছেন আবার। কী লিখছেন জানতে চাইলে সৈয়দ হক তাঁকে জানান, তিনি শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ অনুবাদ করছেন। চার ঘণ্টার ‘হ্যামলেট’কে তিনি দুই ঘণ্টার মঞ্চনাটকে রূপ দিচ্ছেন। তিনি জানিয়েছেন, এটি নির্দেশনা দেবেন আতাউর রহমান। মঞ্চনাটকটি নাগরিক নাট্যাঙ্গনের জন্য তৈরি করা হচ্ছে।
প্রসঙ্গত, চলচ্চিত্রে রুনা লায়লা সৈয়দ হকের লেখা বেশ কটি গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে খুব শ্রোতাপ্রিয় দুটি গান ‘চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা’ ও ‘পাগল পাগল মানুষগুলা পাগল সারা দুনিয়া’। অন্যদিকে আলমগীর এই লেখকের চিত্রনাট্যে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার মধ্যে ছিল বৌমা, সত্যমিথ্যা, পিতা-মাতার সন্তান। তাঁদের দীর্ঘ আড্ডায় সেই গান আর ছবি নিয়েই ছিল স্মৃতিচারণা।