একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। তাঁর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগের ছয়টি অভিযোগ আনা হয়েছে। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতায়, তবে একাত্তরে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় ছিলেন।
তদন্ত সংস্থার ধানমন্ডির সেফ হোমের কার্যালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান ও সহ-সমন্বয়ক এম সানাউল হক। গতকালই এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, হাসান আলীর বিরুদ্ধে আনা ছয় অভিযোগে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। একাত্তরে তিনি তাড়াইল থানা রাজাকার কমান্ডার ছিলেন এবং তখন তিনি ‘রাজাকার দারোগা’ নামে পরিচিত ছিলেন।
তদন্ত সংস্থা জানায়, গত বছরের ৭ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ১৯ জুন তদন্ত শেষে ৪৭ পৃষ্ঠার প্রতিবেদন চূড়ান্ত করেন তদন্ত কর্মকর্তা হরি দেবনাথ। তদন্তকালে ৬০ জনের বেশি মানুষের সাক্ষ্য নেওয়া হয়, যার মধ্যে ৩৯ জনকে সাক্ষী করা হয়েছে। হাসান আলীর বাবা সৈয়দ মোসলেম উদ্দিন তৎকালীন পূর্ব পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ও কিশোরগঞ্জ মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি বিভিন্ন পত্রিকায় পাকিস্তানের পক্ষে বিবৃতি দেন এবং স্বাধীনতার বিরোধিতা করেন। বাবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে হাসান আলী তাড়াইলে রাজাকার কমান্ডার হিসেবে নিয়োজিত হন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসান আলীকে গ্রেপ্তারের জন্য গত ৩ এপ্রিল পরোয়ানা জারি করেন। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
‘আইন অনুসারেই জামায়াতের বিরুদ্ধে তদন্ত হয়েছে’
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল হান্নান খান বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারেই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। বিদ্যমান আইনে তদন্ত সংস্থার এ অধিকার রয়েছে। তিনি জানান, প্রায় দেড় বছর ধরে তদন্ত চলেছে। কিন্তু কেউ ওই সময় বলেননি, বিদ্যমান আইন অনুসারে তদন্ত করা যাবে না।
এ সময় সানাউল হক বলেন, রাষ্ট্রপক্ষের মতামত নিয়ে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। রাষ্ট্রপক্ষ মতামত দিয়েছে, বিদ্যমান আইনেই জামায়াতের বিরুদ্ধে তদন্ত ও বিচার সম্ভব। এ বিষয়ে তদন্ত সংস্থা বেশ কয়েকজন আইন বিশেষজ্ঞের মতামত নিয়েছে। অধিকাংশ আইনবিদ বলেছেন, এই আইনেই জামায়াতের বিচার করা ও শাস্তি দেওয়া সম্ভব।
সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, বিদ্যমান আইনে সংগঠন হিসেবে জামায়াতের বিচার ও শাস্তি দেওয়া সম্ভব নয়। এ নিয়ে পরে ব্যাপক বিতর্ক হয়। জামায়াতের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুতের কাজ আপাতত বন্ধ রয়েছে।