সৈয়দ হোসেন এখনো হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজারের রেল দুর্ঘটনায় তছনছ হয়ে গেছে সৈয়দ হোসেনের জীবন। দুর্ঘটনার পর ১২ দিন পেরিয়ে গেছে, তবু হাসপাতাল ছাড়তে পারেননি তিনি। আঘাতের যন্ত্রণায় এখনো ছটফট করেন। ৪০ বছর বয়সেই চলনশক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন তিনি।

গত ১১ সেপ্টেম্বর কারওয়ান বাজারে রেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা যান। সৈয়দ হোসেনসহ গুরুতর আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ওই দিন তিনজন ও পরদিন আরও একজন মারা যান। আহত বাকিরা একে একে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফিরতে পারেননি শুধু সৈয়দ হোসেন।

রাজধানীর তেজগাঁও এলাকার তিব্বত সাবান ফ্যাক্টরিতে অপারেটর হিসেবে কাজ করতেন সৈয়দ হোসেন। তাঁর বেতন ছয় হাজার টাকা। অতিরিক্ত সময় কাজ করে আরও হাজার দুয়েক টাকা রোজগার করতেন। ওই টাকাতে রাজধানীতে নিজের থাকা-খাওয়ার খরচ মেটাতেন এবং চাঁদপুরের মতলবে নিয়মিত টাকা পাঠাতেন মা, স্ত্রী, দুই মেয়ে ও ছোট বোনের জন্য।

গতকাল রোববার ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক মনসুর আহমেদ প্রথম আলোকে বলেন, সৈয়দ হোসেন মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। পায়ের আঘাতও গুরুতর। হাসপাতালে কমপক্ষে আরও দুই সপ্তাহ থাকতে হবে। পরিপূর্ণ সুস্থ হতে মাস দুয়েক সময় লাগবে। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসা তাঁর প্রয়োজন। চিকিৎসার ওপরই সৈয়দ হোসেনের সুস্থতা নির্ভর করছে।

সৈয়দ হোসেনের ছোট বোন আয়েশা আক্তার বলেন, ভাইয়ের চিকিৎসার জন্য ইতিমধ্যে ৩০ হাজার টাকা ঋণ করেছেন। আরও দুই-আড়াই মাস বা তারও পরে চিকিৎসার খরচ কী করে চলবে তা জানা নেই।