সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ের দুটি হল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বিএইউএসটি) মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীর প্রতীক) ও মরমি লোকসংগীত শিল্পী আব্বাসউদ্দীনের নামে দুটি হল উদ্বোধন হয়েছে। গতকাল রোববার হল দুটির উদ্বোধন করেন তারামন বিবি ও সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক।
একই দিন ওই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ব্যাচের নতুন শিক্ষার্থীদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোয়াজ্জম হোসেন বলেন, নতুন হল দুটির একটি ‘বীর প্রতীক তারামন বিবি হল’ নির্মাণ করা হয়েছে নারী শিক্ষার্থীদের জন্য। অন্যটি হলো ‘শিল্পী আব্বাসউদ্দীন হল’। কিংবদন্তিতুল্য ব্যক্তিদের স্মৃতি চিরঞ্জীব করতেই হলের নামকরণ করা হয়েছে বলে জানান তিনি। হল দুটি নির্মাণে ১৮ কোটি টাকা ব্যয় হয়েছে। দুটি মিলিয়ে মোট আসনসংখ্যা হচ্ছে ৮০০।
মুক্তিযোদ্ধা তারামন বিবি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘হলের মেয়েরা মুক্তিযুদ্ধকে জানবে, আমার অবদান জানবে—এটাই আমার গর্ব।’
পরে সেনানিবাসের মাল্টিপারপাস সেডে নতুন শিক্ষার্থীদের বরণ করে সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও নৈতিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।