সৈয়দপুর ক্রিকেট ক্লাব হারাল ইয়াং ব্রাদার্সকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী স্টেডিয়ামে গতকাল সোমবার প্রথম আলো ক্রিকেট লিগের খেলায় সৈয়দপুর ক্রিকেট ক্লাব ১০৯ রানে ইয়াং ব্রাদার্স ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। এর আগে রোববার জেলায় প্রথম আলো ভলিবল লিগের উদ্বোধন করা হয়। প্রথম আলোর পৃষ্ঠপোষকতায় এসব খোলায় জেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতা দিচ্ছে।
টসে জিতে ইয়াং ব্রাদার্স সৈয়দপুর ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়। দলটি ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইয়াং ব্রাদার্স ২১ ওভার খেলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭৫ রান। সৈয়দপুর ক্রিকেট ক্লাবের নাদিম দলের হয়ে ৮০ বল খেলে সর্বোচ্চ ৭৮ রান সংগ্রহ করেন। একই দলের মিণ্টু ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩টি উইকেট পান। আজ মঙ্গলবার সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব বনাম অভিযাত্রা যুব সংঘ ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা হবে।
এদিকে রোববার বিকেলে শহরের পৌরসভা মাঠে বেলুন উড়িয়ে ভলিবল লিগের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন নীলফামারী শিল্প ও বণিক সমিতির সভাপতি সফিকুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামিমা রহমান প্রমুখ। উদ্বোধনী দিনে জেলার মিতালী সংঘ বনাম ভেরভেড়ী হাজীরহাট কল্যাণ সমিতির মধ্যে খেলা হয়। ভেরভেড়ী হাজীরহাট কল্যাণ সমিতিকে পরাজিত করে মিতালী সংঘ।