সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্য কমিশনে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেদনকারীকে তথ্য না দেওয়ায় সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে সমন জারি করেছে তথ্য কমিশন। আজ সোমবার সকাল ১০টায় ঢাকায় কমিশনের প্রধান কার্যালয়ে তাঁকে হাজির হতে বলা হয়েছে।এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের সঙ্গে গতকাল রোববার যোগাযোগ করা হলে তিনি সমন পাননি বলে জানান।আবেদনকারী তাহেরা বেগমের ভাষ্যমতে, গত বছরের ৩০ জুলাই নির্ধারিত ফরমে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এলাকায় নির্যাতিত নারীর সংখ্যা জানতে চেয়ে তিনি একটি আবেদন করেন। ওই আবেদনে ২০১১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কতজন নির্যাতিত নারী সৈয়দপুর থানায় অভিযোগ করেছেন, তা জানতে চেয়েছিলেন। ওসি প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে আবেদনটি সঠিক নিয়মে করা হয়নি। নিয়ম মেনে আবেদন পেলে অবশ্যই আমরা তথ্য দিতে বাধ্য থাকতাম।’আবেদনকারীর বক্তব্য অনুযায়ী, নানা টালবাহানায় থানার ওসি ওই তথ্য তাঁকে দেননি। এ কারণে গত ৩ অক্টোবর একই আবেদন জানিয়ে নীলফামারী পুলিশ সুপারের কাছে আপিল অভিযোগ করেন। তথ্য অধিকার আইন ২০০৯-এর ৮(১) ধারা অনুযায়ী ওই আপিল আবেদন করেন বলে তিনি জানান। কিন্তু পুলিশ সুপারের কার্যালয় থেকেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেন তাহেরা বেগম। বাধ্য হয়ে গত ২৭ ডিসেম্বর তিনি এ বিষয়ে প্রতিকার চেয়ে ঢাকায় তথ্য কমিশনে আবেদন করেন।