সৈয়দপুর থেকে বিদেশে ফোন করা যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা টেলিফোন এক্সচেঞ্জের অধীন টেলিফোন দিয়ে বিদেশে (আইএসডি) ফোন করা যাচ্ছে না। দীর্ঘ তিন মাস ধরে এ অচলাবস্থা চলছে। এতে সরকার মাসে কমপক্ষে ২০ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, টেলিফোন এক্সচেঞ্জটি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই এক্সচেঞ্জের অধীনে চার হাজার ল্যান্ড ফোন আছে। সৈয়দপুর থেকে প্রতি মাসে বিদেশে প্রচুর কল হয়ে থাকে। এক্সচেঞ্জের বিদেশে ফোন করার (ওভারসিজ) চ্যানেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত জুন থেকে এ সুবিধা বন্ধ রয়েছে।সৈয়দপুরের অ্যাগ্রো রিসার্চ কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী নজরুল ইসলাম অভিযোগ করেন, গত তিন মাস ধরে তিনি বিদেশে ফোন করতে পারছেন না। এতে তাঁর রপ্তানি ব্যবসার ক্ষতি হচ্ছে। বিটিসিএলের সৈয়দপুর এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্য, পাকিস্তান, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ফোন করা যাচ্ছে না। ওভারসিজ চ্যানেলগুলো সঠিকভাবে কাজ না করায় এ সমস্যা দেখা দিয়েছে। তবে বিদেশ থেকে কল আসছে। এ সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক্সচেঞ্জের এক কর্মকর্তা বলেন, গ্রাহকেরা বিদেশে ফোন করতে না পারায় সৈয়দপুর এক্সচেঞ্জ মাসে কমপক্ষে ২০ লাখ টাকার রাজস্ব হারিয়েছে। সে হিসাবে গত তিন মাসে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক আসাদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। এ নিয়ে কেউ আমার কাছে কোনো অভিযোগও করেনি। দ্রুত ওই ত্রুটি সারাতে কাজ করা হবে।’