সৈয়দপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত গোল্ডকাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় রংপুর কিংস ইলেভেন ক্লাবকে ৩৯ রানে পরাজিত করে সৈয়দপুরের ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় রেলওয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারের বৃষ্টিবিঘ্নিত ১৮ ওভারের খেলায় ৯ উইকেটে ১৪৬ রান করে। জবাবে ১৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রংপুর কিংস ইলেভেন ক্রিকেট ক্লাব ১৬ ওভার ২ বলে সব কটি উইকেট হারিয়ে ১০৭ রান করে।
খেলায় সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সৌরভ ম্যান অব দ্য ম্যাচ এবং একই ক্লাবের কামঞ্চী ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।
পরে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক এস এম মাহ্ফুজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক দিলনেওয়াজ খান।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি জাওয়াদুল হক সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আয়োজক কমিটির সদস্য এজাজ আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রফিকুল ইসলাম।
শেষে প্রধান অতিথি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
৪ অক্টোবর সৈয়দপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে সৈয়দপুর গোল্ডকাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে পাকিস্তান ও ভারতের দুটি ক্রিকেট ক্লাব ছাড়াও ঢাকা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ঈশ্বরদীসহ মোট ২২টি ক্রিকেট ক্লাব অংশ নেয়।