সৈয়দপুর পরিচ্ছন্ন রাখতে পৌরসভার গণবিজ্ঞপ্তি
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ওয়ার্ডগুলো পরিচ্ছন্ন রাখতে গণবিজ্ঞপ্তি জারি করা হলেও তা কোনো কাজে আসছে না। ফলে শহরটি আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে।
গত ২৭ অক্টোবর শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রাস্তায় রাস্তায় ফেলে রাখা হয়েছে গৃহস্থালির বর্জ্য। অনেক জায়গায় আস্তাকুঁড়ও (ডাস্টবিন) উপচে পড়ছে। এ থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। শহরের নতুন বাবুপাড়া, মুন্সিপাড়া, বাঁশবাড়ী, মিস্ত্রীপাড়া, কয়ানিজপাড়া, নয়াটোলা, ইসলামবাগ, রসুলপুর, পুরাতন বাবুপাড়া, নিয়ামতপুরসহ প্রায় সব পাড়া-মহল্লায় একই দৃশ্য চোখে পড়ে। নর্দমাগুলোর অবস্থাও যা ইচ্ছে তাই। এতে কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বড় বড় নর্দমায় বাসা বেঁধেছে মশা ও কীটপতঙ্গ। নর্দমাগুলো দীর্ঘদিন সংস্কার ও পরিচ্ছন্ন করা হয়নি বলে জানা যায়।
পৌরসভার সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ অক্টোবর শহর পরিচ্ছন্ন রাখতে পৌরসভার মেয়রের পক্ষ থেকে শহরের ১৫টি ওয়ার্ডে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে জনগণকে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। এ জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের দেওয়া হয়েছে তদারকির দায়িত্ব। ৪৩ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় ৮০০ কিলোমিটার নর্দমা ও শতাধিক ডাস্টবিন রয়েছে।
পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নতুন বাবুপাড়ার বাসিন্দা মিজানুল হক জানান, এ এলাকাটি ঘনবসতিপূর্ণ। মহল্লায় পর্যাপ্ত ডাস্টবিন নেই। ফলে বাসিন্দারা গৃহস্থালির বর্জ্য সড়কের ওপর ফেলছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এসব সময়মতো অপসারণ না করায় গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। পচা আবর্জনায় মশা-মাছির জন্ম হচ্ছে।
শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী মহল্লার বাসিন্দা আব্দুস সাত্তার জানান, নর্দমা পরিষ্কারের ব্যাপারে বারবার ওয়ার্ড কাউন্সিলরদের বলা হয়েছে। তাঁরা টালবাহানা করে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।
১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ‘কাজটা একা আমার নয়। এটা দেখা উচিত পৌরসভার পরিচ্ছন্নতা (স্যানিটারি) বিভাগের। ওই বিভাগের পরিচ্ছন্নতা কর্মীরা কী করেন, তা জানি না। মহল্লা সেভাবে পরিষ্কার হচ্ছে না বলে আমরা জনগণের গালমন্দ খাচ্ছি। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এলাকা পরিচ্ছন্ন রাখতে। এই ওয়ার্ডে ১৮৬টি নর্দমা রয়েছে, এসব পরিচ্ছন্ন রাখা খুব সহজ কাজ নয়।’
পৌরসভার পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা আকমল সরকার জানান, সৈয়দপুর পৌরসভায় চার লাখ লোকের বসবাস। ঘনবসতিপূর্ণ এ শহর পরিচ্ছন্ন রাখা ব্যয়বহুল। তবুও পৌরসভার মেয়রের নির্দেশে সব ওয়ার্ডে অতিরিক্ত ড্রেনম্যান, ঝাড়ুদার নিয়োগ করা হয়েছে। তাঁরা এলাকার পরিচ্ছন্নতার কাজ করছেন।
এ প্রসঙ্গে পৌর মেয়র আমজাদ হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলর তথা জনপ্রতিনিধিদের নানামুখী উন্নয়ন কাজের অন্যতম হলো এলাকা পরিচ্ছন্ন রাখা। পৌর পরিষদ মূলত নাগরিকসুবিধা নিশ্চিত করার জন্যই কাজ করে। শহর পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট আছি। পরিচ্ছন্নতার জন্য সচেতনতা বাড়ানোর কাজ চলছে, গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জনগণকে সম্পৃক্ত করে এর গতি আরও বাড়ানো হবে।’