পীরগঞ্জে নির্বাচনী প্রচারে শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পীরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথে পথে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন নেতা-কর্মীরা। ছবিটি রংপুর নগরের মেডিকেল মোড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
পীরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পথে পথে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন নেতা-কর্মীরা। ছবিটি রংপুর নগরের মেডিকেল মোড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার পীরগঞ্জে নিজের পক্ষে নির্বাচনী জনসভা করবেন।
শেখ হাসিনাকে বহনকারী ইউনাইটেড এয়ারওয়েজের যাত্রীবাহী একটি বিমান দুপুর পৌনে ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে সড়কপথে নিজের নির্বাচনী এলাকার যাওয়ার কথা তাঁর।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া) ছাড়াও রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে নির্বাচন করছেন শেখ হাসিনা।

রংপুর-৬ আসনে শেখ হাসিনার আদতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীই নেই। যদিও ব্যালট পেপারে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে নাম থাকছে নূর আলমের। প্রতীকও থাকছে জাপার লাঙল। তবে জাপার এই প্রার্থীর অভিযোগ, তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও তা প্রত্যাহার দেখানো হয়নি। তিনি কোনো নির্বাচনী সভা করেননি। এমনকি তাঁর পক্ষে পোস্টার ছাপা বা টাঙানো হয়নি।

একতরফা এই নির্বাচনে ভোটারদের মধ্যে তেমন কোনো কৌতূহল নেই। এলাকায় ভোটের কোনো আমেজও নেই। নেই কোনো তোরণ, ব্যানারও। তবে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান ও শেখ হাসিনার আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে হাটবাজারসহ বিভিন্ন স্থানে পোস্টার টাঙানো হয়েছে।

শেখ হাসিনা আজ পীরগঞ্জ উপজেলার খালাসপীরে তরফ মৌজা উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। তাঁর আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।

শেখ হাসিনার আগমনের প্রতিবাদ ও নির্বাচন প্রতিহত করতে পীরগঞ্জসহ রংপুরের আট উপজেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট। তবে সৈয়দপুরে এ হরতালের কোনো প্রভাব চোখে পড়েনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সৈয়দপুর থেকে পীরগঞ্জ পর্যন্ত সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে।