সৈয়দপুর বিমানবন্দর এলাকায় অজ্ঞাত প্রাণীর আতঙ্কে গ্রামবাসী
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের দক্ষিণ অংশের গ্রামগুলোতে অজ্ঞাত প্রাণীর আতঙ্ক দেখা দিয়েছে। গত পাঁচ দিনে এলাকার পাঁচ ব্যক্তি ও শতাধিক গৃহপালিত প্রাণী ওই অজ্ঞাত প্রাণীর আক্রমণের শিকার হয়েছে। এতে এলাকায় জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল শনিবার সরেজমিনে বিমানবন্দর এলাকার বাঙালিপুর ইউনিয়নের বাড়াইশালপাড়া, মাঝাপাড়া, নয়াপাড়া, শিপেরহাট ও পাঠানপাড়া এলাকায় দেখা গেছে, গ্রামবাসী এ ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে।
আরজিনা বেগম (৩৫) নামের স্থানীয় একজন জানান, ৩১ অক্টোবর রাতে ধূসর রঙের একটি প্রাণী গোয়ালে থাকা পাঁচটি গরুকে কামড়ায়। এ সময় শব্দ শুনে গ্রামবাসী প্রাণীটিকে তাড়া করলে পালিয়ে যায়।
মাঝাপাড়া গ্রামে আবদুর রহিম (৫০) জানান, একই রাতে অজ্ঞাত প্রাণীটি তাঁর গোয়ালের তিনটি গরুকেও কামড়ে দেয়।
বাঙালিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মাঝাপাড়া গ্রামের খায়রুল বাশার (৬০), শাহানা বেগম (৩৫), লাভলী (২৮), লিপি (১৮) ও নয়াপাড়ার অতুল চন্দ্র রায় (২৮) ওই প্রাণীর আক্রমণের শিকার হয়েছেন। এ ছাড়া প্রাণীটি ৫৩টি গরু, ৩৫টি ছাগল ও ২০টি ভেড়াকে আক্রমণ করেছে বলে জানা গেছে।
খায়রুল বাশার জানান, সন্ধ্যায় তিনি মসজিদে নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। হঠাৎ বিড়ালের চেয়ে বড় একটি প্রাণী তাঁর ডান পায়ে কামড়ে দেয়।
বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাজাদা সরকার বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি গ্রামবাসীদের সতর্ক করেছি। গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে রাত জেগে নিজেদের গোয়াল পাহারা দিচ্ছে। তবে প্রাণীটি গেছো বাঘ বলে অনেকেই মনে করছেন।’
পল্লি চিকিৎসক শফিকুল ইসলাম জানান, হামলার শিকার পশুগুলোকে প্রতিষেধক হিসেবে রিভসিন ভ্যাকসিন দেওয়া প্রয়োজন।
সৈয়দপুর উপজেলার ভেটেরিনারি সার্জন আবদুর রাজ্জাকের পরামর্শে পশুগুলোকে ওই ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রতিষেধক না দিলে এলাকায় জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়তে পারে।