সৈয়দপুর রেলওয়ে কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার বগি শপের (উপকারখানা) ক্রেন থেকে পড়ে গতকাল রোববার মামুনুর রশীদ (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু ও আরেক শ্রমিক মোজাম্মেল হক (৪০) গুরুতর আহত হয়েছেন। মোজাম্মেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানা ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর কারখানায় ঈদের ছুটি শুরু হয়েছে। তবে উপকারখানাগুলো সচল রাখতে চলছিল রক্ষণাবেক্ষণের কাজ। গতকাল বেলা ১১টার দিকে শ্রমিকেরা অতিরিক্ত (অভার টাইম) কাজ করছিলেন।
এ সময় হঠাৎ বগি শপের ওভারহেট ক্রেন থেকে নিচে মেঝেতে পড়ে যান ক্রেন শপের ফিটার মামুনুর রশীদ। তাঁর সঙ্গে পড়ে যান একই শপের শ্রমিক মোজাম্মেল। পরে তাঁদের উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মামুনুর রশীদ মারা যান।
মামুনুর রশীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা (ডিএমও) শামীম আরা বলেন, আহত মোজাম্মেলের অবস্থাও সংকটাপন্ন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।