সৈয়দপুর রেলকারখানায় উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় বর্তমানে মঞ্জুরীকৃত জনবলের অর্ধেকও কর্মরত নেই। আর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় রয়েছে কাঁচামালের তীব্র সংকট। এই দুই কারণে দেশের বৃহত্তম এ কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কারখানা সূত্র জানায়, আসাম-বেঙ্গল রেলপথকে ঘিরে ১৮৭০ সালে স্থাপিত হয় সৈয়দপুর রেলওয়ে কারখানা। ১১০ দশমিক ২৯ একর জায়গায় প্রতিষ্ঠিত কারখানাটিতে রয়েছে ২৮টি শপ (উপকারখানা)। এখানে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ব্রডগেজ ও মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ ও মালবাহী যানের (ওয়াগন) রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। পাশাপাশি রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের স্টিম রিলিফ ক্রেন ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ক্যারেজ এবং ওয়াগন মেরামতের কাজও হয়ে আসছে। এ ছাড়া ক্যারেজ, ওয়াগন ও লোকোমোটিভের ১ হাজার ২০০ রকমের খুচরা যন্ত্রাংশ তৈরি হয় এ কারখানায়।

কারখানাটিতে বর্তমানে কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীর মঞ্জুরীকৃত পদ ২ হাজার ৮৩৪টি। এদের মধ্যে প্রথম শ্রেণির আটটি, দ্বিতীয় শ্রেণির ৮১টি, তৃতীয় শ্রেণির ২ হাজার ৩০০টি এবং চতুর্থ শ্রেণির ৪৪৫টি। কিন্তু বর্তমানে কর্মরত আছেন প্রথম শ্রেণির কর্মকর্তা ছয়জন, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ৩৪ জন, তৃতীয় শ্রেণির কর্মচারী ১০০৬ এবং চতুর্থ শ্রেণির ১৪৬ জন। এই জনবলসংকটের কারণে কারখানায় ক্যারেজ মেরামতের প্রতিদিনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। প্রতিদিন তিন ইউনিট ক্যারেজ মেরামতের লক্ষ্যমাত্রা থাকলেও হচ্ছে দুটি ইউনিট। ইউনিট বলতে বোঝানো হয় চার চাকাবিশিষ্ট একটি কোচকে। আট চাকার কোচগুলোকে দুটি ইউনিট ধরা হয়।

কারখানার কার্যব্যবস্থাপক (ডব্লিউএম)আমিনুল হাসান বলেন, কারখানার কর্মকর্তা-শ্রমিক-কর্মচারীদের আন্তরিকতার কারণে জনবলসংকট সত্ত্বেও প্রতিদিন দুই ইউনিট ক্যারেজ মেরামত করা সম্ভব হচ্ছে। জরুরি জনবল নিয়োগ না দেওয়া হলে কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করেন তিনি।

এদিকে কারখানাটিতে পর্যাপ্ত বাজেট বরাদ্দও নেই। চলতি ২০১৬-১৭ অর্থবছরে ক্যারেজ মেরামত খাতে প্রায় ৪০ কোটি টাকা অর্থ বরাদ্দ চেয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এখন পর্যন্ত মিলেছে মাত্র ১৮ কোটি টাকা। বরাদ্দ না থাকায় চাহিদা ও সময়মতো কাঁচামালের সরবরাহ পাওয়া যাচ্ছে না।

কারখানা কর্তৃপক্ষ বলছে, বেশির ভাগ সময়ই মালামাল কেনার দরপত্রে জটিলতা ও দীর্ঘসূত্রতা হয়। ফলে কোচ ও ওয়াগন মেরামতের প্রয়োজনীয় কাঁচামালের জোগান সময়মতো আসে না। অনেক সময় নিম্নমানের মালামালও চলে আসে। সেগুলো ঠিকঠাক করতে গিয়ে অতিরিক্ত জনবল, কর্মঘণ্টা ও বিদ্যুতের অপচয় হয়।

কারখানার রেল শ্রমিক ইউনিয়নের সম্পাদক শেখ রোবায়তুর রহমান বলেন, জনবলসংকট দূর করা, অর্থ বরাদ্দ বাড়ানো ও সময়মতো কাঁচামালের সরবরাহ এলেই কেবল সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন আগের অবস্থায় ফেরানো সম্ভব, যা রেলওয়ের সার্বিক যাত্রীসেবার জন্য জরুরি।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একটি ক্যারেজে চার বছর অন্তর সাময়িক সংস্কার (পিওএইচ) এবং ১২ বছর অন্তর সাধারণ সংস্কার (জিওএইচ) করার কথা। কিন্তু জনবলসংকট ও কাঁচামালের অভাবে বহু ক্যারেজ এখন মেরামত ছাড়াই পড়ে আছে। সৈয়দপুর কারখানার ভেতরেই পড়ে আছে এমন ২০০টির বেশি ক্যারেজ।

সার্বিক বিষয়ে কারখানার কার্যব্যবস্থাপক আমিনুল হাসান বললেন, পরিস্থিতি সামাল দিতে কারখানার বাইরে কোচ নির্মাণ ও মেরামতে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। তারা ৫০টি কোচ তৈরি করে দেবে। সংকট দূর করতে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে এ কারখানায় মেরামত, উৎপাদন ও রক্ষণাবেক্ষণের কাজ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।