সৈয়দপুর রেলস্টেশনের টার্মিনাল ভবন ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫০ বছরের পুরোনো ও জরাজীর্ণ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের টার্মিনাল ভবনটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাঝেমধ্যে ছাদের পলেস্তারা খসে পড়ছে। এর মধ্যেই কাজ করতে হচ্ছে স্টেশনের অর্ধশত কর্মীকে। একই সঙ্গে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে কয়েক শ যাত্রীকে।সম্প্রতি রেলওয়ে এস্টেট বিভাগ (ভূ-সম্পত্তি) থেকে টার্মিনাল ভবনটিকে চরম ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ভবনটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।সহকারী স্টেশনমাস্টার আলমগীর হোসেন বলেন, প্রতিদিনই টার্মিনাল ভবনের কোনো না কোনো কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে। গত ২৪ এপ্রিল তাঁর কার্যালয়ে কক্ষের ছাদের পলেস্তারা পরপর দুবার খসে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একটি সূত্র জানায়, গত অর্থবছরে এই স্টেশন থেকে রাজস্ব আয় হয়েছে সোয়া চার কোটি টাকা। কিন্তু দীর্ঘদিনের জরাজীর্ণ স্টেশনটি রক্ষণাবেক্ষণ কিংবা মেরামতে কোনো অর্থ ব্যয় হয়নি। অথচ পশ্চিমাঞ্চল রেলওয়ের অপেক্ষাকৃত অনেক কম গুরুত্বপূর্ণ স্টেশনও রাজনৈতিক বিবেচনায় আধুনিকায়ন করা হয়েছে।সৈয়দপুর স্টেশনে অপেক্ষমাণ যাত্রী প্রদীপ কুমার রায় বলেন, এই স্টেশনে দীর্ঘদিন থেকে যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। একটা প্রাণহানির ঘটনা না ঘটলে হয়তো স্টেশনটির সংস্কার হবে না।স্টেশনমাস্টার এ কে এম শফিকুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ টার্মিনাল ভবনের ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বিভাগীয় নির্বাহী প্রকৌশলীর দপ্তরেও এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। আশা করছি শিগগির স্টেশনের সংস্কারকাজ শুরু হবে।’এ ব্যাপারে মুঠোফোনে বিভাগীয় নির্বাহী প্রকৌশলী (পাকশী) আহমেদ হোসেন বলেন, সৈয়দপুর স্টেশনটি সত্যিকার অর্থেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাময়িকভাবে এর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ মূল ভবন ভেঙে নতুন টার্মিনাল তৈরি করা হবে, তা জানাতে পারেননি তিনি।