সৈয়দপুর-লালমনিরহাট রেলপথেও চালু হচ্ছে অত্যাধুনিক কমিউটার ট্রেন। চীন থেকে আনা ২০ জোড়া ডিজেল-ইলেকট্রিক মালটিপল ইউনিটের ওই ট্রেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন রেলওয়ে সেকশনে চালানোর উদ্যোগ নিয়েছে সরকার। রেল বিভাগ সূত্র জানায়, চীনের তাং সাং ভেহিক্যাল কোম্পানি লিমিটেড থেকে ২০ জোড়া কমিউটার ট্রেন সংগ্রহ করা হচ্ছে। তিন বগিবিশিষ্ট ওই ট্রেনের আগে-পিছে থাকবে দুটি ইঞ্জিন। চীনা প্রতিষ্ঠানটি আগামী ১৪ মাসের মধ্যে ওই ট্রেনবহর বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করবে। এ ব্যাপারে গত ৪ আগস্ট ঢাকায় রেলভবনে চীন সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।সূত্রটি জানায়, আধুনিক ওই ট্রেনবহরে যাত্রী সেবার যাবতীয় সুবিধা থাকবে। এতে সড়কপথে দুর্ঘটনা ও যানজট বহুলাংশে নিরসন করা যাবে।রেল বিভাগ জানায়, প্রাথমিক পর্যায়ে ওই কমিউটার ট্রেন ঢাকা-জয়দেবপুর, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-ভৈরব বাজার; চট্টগ্রাম-নাজিরহাট, চট্টগ্রাম-ফেনী, চট্টগ্রাম-দোহাজারী; দিনাজপুর-পার্বতীপুর-রংপুর ও লালমনিরহাট-পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে চলবে। স্থানীয় রেলওয়ের সংশ্লিষ্ট সূত্রমতে, সৈয়দপুর থেকে লালমনিরহাট রেলপথে সরাসরি কোনো ট্রেন যোগাযোগ ছিল না। অথচ সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার অবস্থান হওয়ায় এখান থেকে মিটারগেজ (এমজি) ও ব্রডগেজ (বিজি) লাইনের ট্রেন চলাচলের সুযোগ ব্রিটিশ আমল থেকেই ছিল। পার্বতীপুর থেকে লালমনিরহাট অভিমুখী রেলপথটি মিটারগেজ লাইনের। ওই পথে ট্রেনটি চালু হলে বাণিজ্যিক শহর সৈয়দপুরের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে লালমনিরহাট, তিস্তা, কাউনিয়া, রংপুর, বদরগঞ্জ ও খোলাহাটি রেলওয়ে স্টেশনসংশ্লিষ্ট জনপদের মানুষ। প্রতি এক ঘণ্টা পর পর বিরতিহীনভাবে সৈয়দপুর থেকে লালমনিরহাটে ছেড়ে যাবে কমিউটার ট্রেনটি। একইভাবে লালমনিরহাট থেকে সৈয়দপুরের দিকে ছেড়ে আসবে অপর একটি ট্রেন। এভাবে সারা দিন ৯১ কিলোমিটার দূরত্বের গন্তব্যে চলাচল করবে ট্রেন দুটি। এদিকে সৈয়দপুর-লালমনিরহাটের মতো সৈয়দপুর-বগুড়া পথে পৃথক একটি কমিউটার ট্রেন চালুর দাবি করেছে এলাকাবাসী। নীলফামারী-৪ আসনের সাবেক সাংসদ আলিম উদ্দিন জানান, সৈয়দপুরের সঙ্গে সরাসরি ঢাকা, রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল করলেও বগুড়ার সঙ্গে রেল যোগাযোগ গড়ে ওঠেনি। চীন থেকে আনা ওই কমিউটার ট্রেনবহর দিয়ে সৈয়দপুর-বগুড়া পথে সরাসরি রেলওয়ে সেবা নিশ্চিত করা যেতে পারে। বিষয়টি বিবেচনার জন্য তিনি যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন। সৈয়দপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আলমগীর হোসেন জানান, বিরতিহীন ওই কমিউটার ট্রেন চালু হলে রেলওয়ে খাতে বিপুল রাজস্ব আদায় সম্ভব হবে। এ ছাড়া নিরাপদ বাহন হিসেবে রেলওয়ে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠার সুযোগ পাবে। সৈয়দপুর থেকে বগুড়ায় সড়কপথে যাতায়াতকারী স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা এনামুল হক জানান, এ পথে কমিউটার ট্রেন চালু হলে যোগাযোগ ক্ষেত্রে বিপ্লব ঘটবে। একইভাবে সড়কপথে দুর্ঘটনার যে ঝুঁকি বিরাজমান, তা কমে আসবে। সেই সঙ্গে সড়ক পথে যানবাহনের চাপও কমবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ব্যাপক প্রসার ঘটবে। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী জানান, কমিউটার ট্রেন চালুর এ উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী একটি পদক্ষেপ। রেল যোগাযোগ সম্প্রসারণে সরকারের এ সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আগামী ১৪ মাসের মধ্যেই রেলযাত্রীদের কমিউটার ট্রেনের সেবা প্রদান সম্ভব হবে। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে।’