সৈয়দপুর শহর থেকে বাস কাউন্টার সরানোর দাবি
গত ২৯ জুন নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ২৩ জন হতাহত হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার ‘নিরাপদ সড়ক চাই’-এর স্থানীয় শাখার উদ্যোগে সৈয়দপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে জনপ্রতিনিধি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শহরের ভেতর থেকে দূরপাল্লার বাস কাউন্টার অপসারণ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের চিকিৎসার দাবি জানান।মানববন্ধন শেষে সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম, আবুল হাসান, জিয়াউল হক, রফিকুল ইসলাম, কামরুন নাহার প্রমুখ। বক্তারা শহরের ব্যস্ততম সড়কে বেপরোয়া বাস চলাচল বন্ধে বাস কাউন্টারগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান।২৯ জুন সন্ধ্যায় শহীদ ডা. জিকরুল হক সড়কে শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে ওই বাসের চাপায় তিনজন নিহত ও ২০ জন আহত হন।