সৈয়দপুর শহরে ট্রাক প্রবেশে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস না চললে ট্রাকও চলবে না। আর এই দাবিতে একাট্টা নীলফামারীর সৈয়দপুরের দিবা ও নৈশকোচ এজেন্টরা শহরে ট্রাক প্রবেশে বাধা দিচ্ছে। গতকাল বুধবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী প্রতীকী ওই কর্মসূচি পালন করে দিবা ও নৈশকালীন কোচ কমিশন এজেন্ট ও ব্যবস্থাপক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল জানান, প্রশাসন দুই বছর ধরে সৈয়দপুর শহরে দূরপাল্লার বাস ঢুকতে দিচ্ছে না। ১৯৯৩ সালে বাণিজ্যিক শহর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনা ও যানজট রোধে দিনে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ওই নিষেধাজ্ঞা অমান্য করে ভারী ট্রাক শহরের অভ্যন্তরে অহরহ মালামাল পরিবহনে ব্যস্ত দেখা যায়। তিনি জানান, শহরে দূরপাল্লার বাস চললে যদি দুর্ঘটনার ঝুঁকি থাকে, তা হলে ট্রাক চললে সেই ঝুঁকি আরও বেড়ে যাওয়ার কথা। তিনি অভিযোগ করেন, সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) উৎকোচের বিনিময়ে অবাধে ট্রাক চলার সুযোগ দিচ্ছেন। ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) শামসুল হক বাস এজেন্টদের অভিযোগ অস্বীকার করে বলেন, শহরে দিনের বেলায় ট্রাক চলাচল করতে দেওয়া হয় না। দুর্ঘটনা ও যানজট ঠেকাতেই দিনের বেলায় ট্রাক ঢুকতে দেওয়া হয় না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।