সৈয়দপুর শহরে যানজট নিরসনে বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরকে যানজট মুক্ত করতে জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর ফলে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শহরে কোনো ট্রাক ও ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। আজ মঙ্গলবার সকাল থেকে মাইকে এ–সংক্রান্ত প্রচার চালানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেখানে–সেখানে গাড়ি পার্ক করা যাবে না, ব্যাটারিচালিত কোনো রিকশা-রিকশাভ্যান চলতে পারবে না। তবে অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলবে। নির্দেশ অমান্য করা হলে কড়া আইনি ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সৈয়দপুর ট্রাফিক কার্যালয় সূত্র জানায়, সৈয়দপুর হচ্ছে রংপুর বিভাগের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর। ফলে এ অঞ্চলের আট জেলার মানুষ এখানে প্রতিনিয়ত ভিড় করে। পণ্য আমদানি–রপ্তানির প্রয়োজনে প্রচুর ট্রাক ও ভারী যানবাহন প্রবেশ করে। এ ছাড়া সৈয়দপুর শহরে রয়েছে বেশ কটি ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান। তাই শিক্ষার্থী–অভিভাবকদের চাপও থাকে ব্যাপক। তা ছাড়া সৈয়দপুরে বিমানবন্দরও রয়েছে।

সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, ‘জনস্বার্থেই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শহরকে স্বাচ্ছন্দ্যময় রাখা আমাদের সবার দায়িত্ব।’ তিনি এ ব্যাপারে শহরবাসীর সহযোগিতা কামনা করেন।