নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে বিনা চিকিৎসায় একজন রোগীর মৃত্যুর অভিযোগ এনে হাসপাতালে ভাঙচুর এবং লাশ নিয়ে মিছিল-সমাবেশ করেছে শহরের কুন্দল মহল্লার বিক্ষুব্ধ লোকজন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুন্দল মহল্লার বাসিন্দা এবং সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলার রসিদের স্ত্রী ফেন্সি বেগম (৪০) গত মঙ্গলবার রাত আটটার দিকে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ওই হাসপাতালে নেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, এ সময় হাসপাতালে কোনো চিকিত্সক ছিলেন না। ফলে বিনা চিকিৎসায় মৃত্যু হয় ফেন্সির। হাসপাতালটি একই মহল্লায় অবস্থিত।হাসপাতালের চিকিৎসা সহকারী মনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছে। রোগীর অভিভাবকেরা হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার পর রাত নয়টার দিকে শতাধিক লোক আকস্মিকভাবে হাসপাতালে হামলা চালায়। তারা হাসপাতালের সাইনবোর্ড ও বহির্বিভাগের আসবাবপত্র ভাঙচুর করে। তাদের হামলায় হাসপাতালের পিয়ন আসাদুজ্জামান আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে ফেন্সির লাশ নিয়ে গতকাল বেলা ১১টার দিকে কুন্দল মহল্লার দুই শতাধিক মানুষ মিছিল বের করে। মিছিলটি সৈয়দপুর কলেজের শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও কামরুল ইসলাম। বক্তারা সাত দিনের মধ্যে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) বদলি দাবি করেন। সৈয়দপুর থানার উপপরিদর্শক আবদুস সবুর জানান, রোগীর মৃত্যুকে ঘিরেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেছিল। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি সামাল দিয়েছে। এ নিয়ে কোনো মামলা হয়নি।হাসপাতালের আরএমও সিরাজুল ইসলাম ঘটনার সময় হাসপাতালে কোনো চিকিত্সক না থাকার কথা স্বীকার করে বলেন, কর্তব্যরত চিকিৎসা সহকারী চিকিৎসা দিতে গিয়ে দেখতে পান, হাসপাতালে আনার আগেই ওই রোগীর মৃত্যু হয়েছে। চিকিত্সক না থাকার কারণ হিসেবে তিনি বলেন, হাসপাতালে চিকিত্সকের ১২টি পদ থাকলেও বর্তমানে মাত্র একজন চিকিত্সক কর্মরত আছেন।