সৈয়দপুরে অসহনীয় লোডশেডিং, ভরসা জেনারেটর, মোমবাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর প্লাজায় মোমবাতি জ্বালিয়ে চলছে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো
সৈয়দপুর প্লাজায় মোমবাতি জ্বালিয়ে চলছে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ। ছবিটি গত বুধবার তোলা l প্রথম আলো

নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে অসহনীয় লোডশেডিং শুরু হয়েছে। ফলে ব্যবসা-বাণিজ্য লাটে ওঠার দশা হয়েছে। কলকারখানার উৎপাদনে নেমে এসেছে ধস। শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা জেনারেটর, চার্জ লাইট আর মোমবাতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও সরবরাহ কেন্দ্র সূত্র জানায়, আবাসিক-অনাবাসিক ও কল-কারখানা মিলে মোট ৩২ হাজার গ্রাহক আছেন। এর মধে৵ রয়েছে সেনানিবাস, রেলওয়ে কারখানা, বিমানবন্দরসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব গ্রাহকের প্রয়োজন মেটাতে প্রতিদিন প্রায় ২৫ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। কিন্তু প্রয়োজনীয় সরবরাহ না থাকায় পাওয়া যাচ্ছে না অর্ধেকও। ফলে ভয়াবহ লোডশেডিং ও ভোল্টেজ আপডাউনে তৈরি হচ্ছে ভোগান্তি। নষ্ট হচ্ছে ফ্রিজ, টিভিসহ ইলেকট্রনিক জিনিসপত্র।

সৈয়দপুরে ২০ মেগাওয়াট গ্যাস টারবাইন কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কিন্তু এখানকার গ্রাহকেরা প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছেন না।

বিসিক শিল্প নগরের আটা, ময়দা, সেমাই ও ব্যাগ তৈরির চারটি কারখানার মালিক আমিনুল ইসলাম জানান, লোডশেডিংয়ের কারণে মেশিনপত্র চালানো কষ্টকর হয়ে পড়েছে। দিন-রাত মিলিয়ে ছয় ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে মেশিনপত্র কিনেছেন এই ব্যবসায়ী। এখন এই ঋণ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে চিন্তায় আছেন।

ইকু পেপারমিলের মালিক সিদ্দিকুল আলম বলেন, বিদ্যুতের বারবার আসা-যাওয়ায় মিলের মোটর ও প্যানেল বোর্ড পুড়ে গেছে। তাই বিদ্যুৎ স্বাভাবিক না হওয়া পর্যন্ত মিল বন্ধ রাখবেন বলে জানান এই ব্যবসায়ী।

দি রয়েল্যাক্স মেটাল ইন্ডাস্ট্রিতে তৈরি হয় প্রেসারকুকার, রাইসকুকার, ফ্রাইপ্যানের মতো অ্যালুমিনিয়ামের তৈরি তৈজসপত্র। এই কারখানার মালিক রাজকুমার পোদ্দার বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ে উৎপাদন প্রায় বন্ধের পথে। শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। তিনি বলেন, সামনে রোজা ও ঈদ। উৎপাদন বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের বোনাস দিতে হবে। তাই দিনে কিছুটা লোডশেডিং দিয়ে রাতে বিদ্যুৎ দিলে ব্যবসায়ীরা উপকৃত হতো।

সৈয়দপুর প্লাজায় অবস্থিত পরচুলা তৈরির কারখানা গোল্ড টাইমিংয়ে কয়েক শ নারী শ্রমিক কাজ করেন। অব্যাহত লোডশেডিং ও তীব্র গরমে প্রতিদিনই কারখানার একাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে জেনারেটর, চার্জ লাইট ও মোমবাতি দিয়ে কাজ চালাতে হচ্ছে। শিক্ষার্থীদের পড়ালেখাও ব্যাহত হচ্ছে। এই ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে শহরের আদানীমোড়, বাস টার্মিনাল, কাঙ্গালুপাড়ার লোকজন গত বুধবার বিদ্যুৎ বিক্রয় ও সরবরাহ কেন্দ্র অবরোধ করেন।

সৈয়দপুর বিদ্যুৎ বিক্রয় ও সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ের কথা স্বীকার করে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে কিছুটা লোডশেডিং হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে।