সৈয়দপুরে অ্যানথ্রাক্স রোগী শনাক্ত!
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রফিকুল ইসলাম (৪৫) নামের একজনকে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাঁর বাড়ি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী টুনিয়াপাড়া গ্রামে। রফিকুল বলেন, স্থানীয় চিকিৎসক তাঁকে অ্যানথ্রাক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছেন। তবে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের দাবি, উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত কোনো রোগী বা গরু নেই।গতকাল রোববার রফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতরের আগের দিন ১০ সেপ্টেম্বর ঢলাপীরহাট থেকে গরুর মাংস কিনেছিলেন তিনি। ওই মাংস খাওয়ার দু-এক দিন পর তাঁর পিঠে একটি ফোঁড়া হয়। পরে সেটি বড় হলে তিনি গ্রাম্য চিকিৎসকের শরণাপণ্ন হন। চিকিৎসক রোগটি অ্যানথ্রাক্স বলে শনাক্ত করেন। সে অনুযায়ী ওষুধ দেন। কিন্তু ১৫ দিন পার হলেও স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর বা স্বাস্থ্য বিভাগের কোনো কর্মী তাঁর খোঁজখবর নেননি। তিনি নিজেও অবশ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাননি বলে জানান।এ ব্যাপারে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা নাজমুল হুদা জানান, ‘সৈয়দপুরে কোনো গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়নি। এ ছাড়া আমাদের অনুসন্ধানে এখন পর্যন্ত উপজেলায় কোনো অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীও নেই।’