সৈয়দপুরে আইডিইবির গণপ্রকৌশল দিবসে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার নানা কর্মসূচিতে পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির সৈয়দপুর জেলা শাখা শোভাযাত্রা, সমাবেশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শহরের স্মৃতি অম্লান চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এক সমাবেশ হয়। সমাবেশে জাতীয় উন্নয়নে ১৫ দফা সুপারিশ ও ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দীর্ঘদিনেও প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন না হওয়ায় নেতারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
এ ছাড়া সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আইডিইবির সৈয়দপুর জেলা শাখার সভাপতি নূরুজ্জামান জোয়ার্দার, সাধারণ সম্পাদক মোনায়মুল হক প্রমুখ।
সম্মেলনে জানানো হয়, ভূগর্ভস্থ পানি গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে উত্তোলন না করে নদী, খাল, বিল, ডোবা ও হাওর খনন করে ওই সব জলাধার থেকে কৃষিকাজ, মৎস্য উৎপাদন ও জলজ সম্পদ সংরক্ষণ ইত্যাদি কাজে পানি ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে এসব নদীনালা ভরাটে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে, পানির স্তর নিচে নেমে যাওয়ায় বেশ কয়েকটি জেলার মানুষ আর্সেনিকে আক্রান্ত হয়ে পড়েছে। বুড়িগঙ্গা নদী রক্ষাসহ ঢাকার যানজট নিরসনে প্লট নয়, পরিকল্পিতভাবে নির্মিত ফ্ল্যাট বরাদ্দের সুপারিশ করা হয়েছিল। এত বছর পর সরকার ও জনগণ সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে বলে তাঁরা উল্লেখ করেন।