সৈয়দপুরে আনন্দ-উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক রেলপথ মন্ত্রণালয় এবং একজন পূর্ণ মন্ত্রী পেয়ে আনন্দে ভাসছে সৈয়দপুর রেল অঙ্গন। গতকাল সোমবার দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় এ খবর এসে পৌঁছালে সেখানে এই আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কারখানার ট্রেড ইউনিয়নগুলো এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে থাকে। রেল শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সাধারণ সম্পাদক মোকছেদুল মোমিন জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে পৃথক রেল মন্ত্রণালয়ের দাবি করছি। কেননা, রেলকে গতিশীল করতে স্বতন্ত্র মন্ত্রণালয়ের বিকল্প নেই।’ জাতীয়তাবাদী রেল শ্রমিক-কর্মচারী দলের সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক শহীদুল ইসলাম জানান, রেলের উন্নয়নে সত্যিকার অর্থেই পৃথক মন্ত্রণালয় জরুরি ছিল। তিনি ভারতীয় রেলের আদলে রেল উন্নয়নে পৃথক বাজেট দাবি করে বলেন, এর মধ্য দিয়ে রেলের হারানো গৌরব ফিরে আসবে। জাতীয় রেল শ্রমিক পার্টি কারখানা শাখার সম্পাদক মনসুর আলী বলেন, রেলওয়ে খাত অবহেলিত ছিল। সংকোচননীতির জাঁতাকলে পড়ে রেলের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তিনি মনে করেন, নতুন মন্ত্রী রেলকে ঢেলে সাজাতে রেলসংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করবেন। এতে সৈয়দপুর রেল কারখানাতেও ব্যাপক কর্মযজ্ঞ শুরু হবে।রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কারখানা শাখার সম্পাদক শেখ রোবায়েতুর রহমান জানান, গরিবের বাহন হচ্ছে রেল। যে দেশে ৮০ ভাগ মানুষই গরিব, সেখানে অবশ্যই রেল খাতকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। বর্তমান সরকারের রেল উন্নয়নের এ পরিকল্পনাকে তিনি স্বাগত জানিয়ে বলেন, ‘পৃথক রেল মন্ত্রণালয় ছিল আমাদের দীর্ঘদিনের দাবি, যা বাস্তবে রূপ পেল।’ সৈয়দপুরের রেলওয়ে শ্রমিক-কর্মচারীরা পৃথক রেলপথ মন্ত্রণালয় ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সকালে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ওই অভিনন্দনবার্তাটি পাঠানো হয়। সম্মিলিত ট্রেড ইউনিয়ন একটি আনন্দ শোভাযাত্রার কর্মসূচি হাতে নিয়েছে। আগামীকাল ওই শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।