সৈয়দপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২১১তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মিজানুর রহমান খান নতুন এ শাখার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বাহিনীর সদস্যদের নিজস্ব ব্যাংক। তাই ব্যাংকের অগ্রযাত্রায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে সব আনসার সদস্যকে নজর রাখার পরামর্শ দেন তিনি।
নতুন এ শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম। আরও বক্তব্য দেন ব্যাংকের পরিচালক রেজাউল করিম, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট আসাদুজ্জামান গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা, শাখা ব্যবস্থাপক এ এইচ এম মাজবুব মোর্শেদ, ব্যাংকের গ্রাহক আহসান হাবিব প্রমুখ। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।