নিষিদ্ধ পলিথিনে ভরা ওরসে পরিবেশন করা খিচুড়ি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত নীলফামারীর সৈয়দপুর উপজেলার আরেক ব্যক্তি গতকাল মঙ্গলবার মারা গেছেন। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় আরও ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আগের দিন ভর্তি হওয়া অনেকেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। সৈয়দপুর: কামারপুকুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের রিকশাচালক আঁকা মাহমুদ (৫০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া অনেকে গতকাল চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরেছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ডায়রিয়ার কারণ অনুসন্ধানে গঠিত দুই সদস্যের তদন্তদল গতকাল সকালে কার্যক্রম শুরু করেছে। বদরগঞ্জ, তারাগঞ্জ: বদরগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত আরও ১৮ জন এবং তারাগঞ্জে দুজনকে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে আগের দিন ভর্তি হওয়া ২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। প্রসঙ্গত, সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামে প্রয়াত পীর দাউদ খন্দকারের বার্ষিক ওরস থেকে নিষিদ্ধ পলিথিনে ভরা খিচুড়ি খেয়ে সৈয়দপুর, বদরগঞ্জ ও তারাগঞ্জের সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে গত সোমবার দুই শিশুর মৃত্যু হয়।