সৈয়দপুরে আরেকটি রেল কারখানা হবে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বর্তমান সরকারই প্রথমবারের মতো রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় সৈয়দপুরে আরও একটি নতুন রেলওয়ে কারখানা স্থাপন করা হবে। গতকাল রোববার সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী দুপুরে কারখানায় এসে পৌঁছালে রেল মন্ত্রণালয়ের সচিব ফজলে কবির তাঁকে অভ্যর্থনা জানান। রেলমন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ ও ওয়াগন শপসহ বিভিন্ন উপকারখানা (শপ) পরিদর্শন করেন। তিনি কারখানার উৎপাদন কার্যক্রম প্রত্যক্ষ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ট্রেনের সময়সূচি এখন আগের তুলনায় অনেক ভালো। ট্রেনের শিডিউল ভেঙে পড়েছিল। সে অবস্থা অনেকটা স্বাভাবিক হয়েছে। রেলের বেদখল হওয়া ভূসম্পত্তি পুনরুদ্ধারে সবার সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, রেল জাতীয় সম্পদ, তা রক্ষার দায়িত্ব সবার।এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, প্রথম আলোয় প্রকাশিত পার্বতীপুরের লোকোশেড থেকে রেলের তেল চুরির খবর দেখে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টির অধিকতর তদন্ত হচ্ছে বলে জানান তিনি।এর আগে সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় তিনি বলেন, জনগণ পরিবার-পরিজন নিয়ে নিরাপদে ট্রেনে যেতে চায়। তা ছাড়া এটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। কিন্তু দেশি-বিদেশি চক্রান্তের কারণে সেই রেল আজ মৃতপ্রায়। এ অবস্থায় বর্তমান সরকার রেলকে বাঁচানোর জন্য আলাদা মন্ত্রণালয় করেছে।সুরঞ্জিত সেন আরও বলেন, নেপাল, ভুটান, ভারত, মিয়ানমার এমনকি চীনসহ সমগ্র এশিয়া মহাদেশে এ রেললাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের হাতে সময় নেই। রাতারাতি তেমন কিছু করা যাবে না। তার পরও কিছুই করা যাবে না তা নয়। প্রথমত, সময়মতো ট্রেন চালানোর চেষ্টা করা হচ্ছে। রেলকে পুনরুজ্জীবিত করার জন্য অবকাঠামো উন্নয়নের চেয়ে রেলপথ নির্মাণ, ইঞ্জিন সংগ্রহ, সহায়ক কলকারখানার সক্ষমতা বৃদ্ধি, জনবলের সংকট নিরসনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তার পরও পার্বতীপুর রেলস্টেশনের দৈন্যদশা দেখে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।