সৈয়দপুরে আলু কুড়ানি শিশুরা
ওরা গরিব ও অভাবী। সবার বয়স ২ থেকে ১৩ বছর। কেউ স্কুল-মাদ্রাসায় পড়ে আর কেউবা প্রতিষ্ঠানের চৌকাঠ পেরোয়নি। এরা কৃষকের খেত থেকে আলু কুড়িয়ে সংগ্রহ করে তা দিয়ে পরিবারের কিছুটা অভাব দূর করে।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া গ্রামের শিশু আসমা, রুমন, আকাশ, জয়া ও শেফালির সঙ্গে গতকাল মঙ্গলবার কথা হয়। তারা বলে, বাড়িতে সারা বছরের জন্য যে আলু লাগে তারা তা এভাবে সংগ্রহ করে মায়ের কাছে দেয়। মায়েরা এসব আলু হাঁড়ি-পাতিল বা বালুতে সংরক্ষণ করে রাখেন। আলু দিয়ে ভর্তা, ডাল, আলুর রুটি-পরোটা, পাঁপড় ইত্যাদি তৈরি করে ও তরিতরকারিতে ব্যবহার করে অভাবের সময়টাতে তারা খেয়ে বাঁচে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকেরা সাধারণত খেতের আলু কামলা দিয়ে তুলে থাকেন। আলু তোলার সময় অসতর্কতার কারণে কিছু কিছু আলু মাটিতে চাপা পড়ে যায়। ওই শিশুদের মূল টার্গেট হলো এসব আলু সংগ্রহ করা। তারা বাশিলা, কোদাল ইত্যাদি দিয়ে মাটি খুঁড়ে ওই আলু বের করে আনে। এ ছাড়া অন্য ফসল আবাদের জন্য আলুর জমি চাষ করার সময় হালের পেছনে পেছনে ছোটে ওই শিশুরা। এতে মাটির নিচে থাকা আলু বাইরে বের হয়ে আসে। মহা আনন্দে এসব আলু তারা দল বেঁধে কুড়িয়ে থাকে। মাঝেমধ্যে জমির মালিকের বকাঝকাও তাদের কপালে জোটে।