সৈয়দপুরে উচ্ছেদ অভিযান অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ তৃতীয় দিনেও সড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে। এ নিয়ে গত তিন দিনে বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) নিয়ামতপুর থেকে পুরোনো বাবুপাড়া ও রাবেয়া ফ্লাওয়ার মিলসংলগ্ন এলাকা থেকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মোড় পর্যন্ত দুই পাশে সওজের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
নিয়ামতপুর এলাকা থেকে গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানে বঙ্গবন্ধু সড়কে বিদ্যুৎ বিতরণকেন্দ্রের (পিডিবি) সামনের একটি তিনতলা ভবনসহ ওই সড়কের দুই পাশের সওজের জায়গা দখল করে গড়ে ওঠা পাকা-আধা পাকা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।