সৈয়দপুরে উত্ত্যক্তের দায়ে দুজনের অর্থদণ্ড
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই রায় দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিয়ামতপুর মহল্লার শাহ আলম (১৯) এবং একই এলাকার আবদুর রহমান (২০) কলেজে যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি পুলিশকে জানানো হলে ওই দুজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া আদালত তাঁদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে মুচলেকা নেন।
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাহ আলম ও আবদুর রহমানকে ২ হাজার টাকা করে জরিমানা করা ছাড়াও আদালত তাদের কাছ থেকে একটি মুচলেকা নিয়েছে।