সৈয়দপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত
‘দানবের দম্ভ ভাঙবেই জনতার ঐক্য’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সৈয়দপুর শাখা সংসদের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে সকালে প্রথম পর্বে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
সম্মেলন উপলক্ষে বের করা হয় শোভাযাত্রা। নানা সাজে উদীচীর শিল্পী ও সুধীজন শোভাযাত্রায় অংশ নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দ্বিতীয় পর্বে গণসংগীতের আসর ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উদীচী নীলফামারী জেলা সংসদের সাধারণ সম্পাদক নারায়ণ অধিকারী ও প্রবাসী শিল্পী হোসনেআরা বিন্দু।
সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আমীর আলী আজাদ, আহ্বায়ক হোসনেআরা লিপি, উপদেষ্টা নূরুজ্জামান জোয়ার্দার, সংগঠনের উপজেলা শাখা সাধারণ সম্পাদক শফিউল আলম প্রমুখ বক্তব্য দেন।