দিনাজপুরের পার্বতীপুরে দুই ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বকুল মাস্টার (৪০)। তাঁর বাড়ি পার্বতীপুর উপজেলার বড়চন্ডিপুর গ্রামে। গতকাল সোমবার সকালে তাঁকে পুলিশ দিনাজপুর বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে।
পার্বতীপুর থানা সূত্রে জানা গেছে, বকুল মাস্টারকে গ্রেপ্তারের পর গত রোববার রাতেই টাকা ছিনতাইয়ের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় বড় পার্বতীপুরের চন্ডিপুর গ্রামের আরিফ চৌধুরী (৩০), হলদিবাড়ি বারোঘরিয়া গ্রামের গোলাপ (২৮), বারোঘরিয়া গ্রামের খতিবুর রহমান (২৬), হলদিবাড়ি দোলাপাড়া গ্রামের রাজু (২০) ও বকুল মাস্টারের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পার্বতীপুর থানার উপপরিদর্শক আবদুল মতিন জানান, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো লুণ্ঠিত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল সোয়া নয়টার দিকে পার্বতীপুর শহরের হলদিবাড়ি রেলগেটে সাত-আটজন দুর্বৃত্ত হিলি স্থলবন্দরের ব্যবসায়ী হজরত আলীর কাছ থেকে ৩৩ লাখ টাকা ছিনতাই করে। প্রায় একই সময়ে শহরের পুরাতন বাজার বুড়াহাটে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেখানে তিন-চারজন দুর্বৃত্ত সন্তোষ কুমার নামের এক ধান ব্যবসায়ীর কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় হজরত আলী বাদী হয়ে মামলা করেছেন। তবে ধান ব্যবসায়ী সন্তোষ কুমার কোনো মামলা করেননি।