সৈয়দপুরে এখনো কেন্দ্রীয় শহীদ মিনার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ সাল থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। অথচ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভাষা আন্দোলনের ৬৫ বছর ও স্বাধীনতার ৪৬ বছর পেরিয়ে গেলেও এখনো কোনো কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা প্রশাসন বা পৌর প্রশাসন এই দীর্ঘদিনেও একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়নি। সৈয়দপুরের একটি ডিগ্রি কলেজের শহীদ বেদিতে সৈয়দপুরের পাঁচ লাখ মানুষ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া সৈয়দপুর শহর ও গ্রাম এলাকায় অধিকাংশ স্কুল-কলেজে শহীদ মিনার না থাকায় শিশুরা ভুলতে বসেছে ৫২-এর ভাষা আন্দোলনের ইতিহাস। রফিক, বরকত, সালাম, জব্বারের নাম জানলেও শিশুরা জানে না তাঁদের পরিচয়। প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভা বছরে ২০-২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেও শহীদ মিনার নির্মাণের জন্য তারা কোনো বরাদ্দ রাখে না। সৈয়দপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের ব্যতিক্রমী সৈয়দপুর শহর অবাঙালি প্রধান হওয়ায় এখনো বাংলার পাশাপাশি উর্দু ভাষায় মাইকিং, পাড়া-মহল্লায় আলোচনা সভাও হচ্ছে। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সৈয়দপুরে আজও এর পরিপূর্ণ প্রয়োগ লক্ষ করা যায়নি। সৈয়দপুর উপজেলাবাসীর দাবি, বর্তমান দিনবদলের সরকার অতি দ্রুত সৈয়দপুরে স্থানীয়ভাবে একটি কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে মহান ভাষা আন্দোলনের ইতিহাস।

এ ব্যাপারে জানতে চাইলে নীলফামারী-৪ আসনের সাংসদ আলহাজ শওকত চৌধুরী বলেন, বধ্যভূমি ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে। এগুলোর কাজ শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারও নির্মাণ করা হবে।