সৈয়দপুরে কচু চাষ করে লাভবান হচ্ছেন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে কচুর আবাদ বেড়েছে। এই কচু আবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। মৌসুমের শুরুতে কেজিপ্রতি কচু ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হলেও এখন দাম কমে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরে। এরপরও অন্য ফসলের তুলনায় লাভ থাকছে তাঁদের।
এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানকার প্রধান অর্থকরী ফসল ধান-পাট-আলু ও তামাক। প্রতিবছর এসব ফসল আবাদ করে লোকসান গুনে এ বছর অনেক কৃষক পরীক্ষামূলকভাবে আবাদ করেছেন কচু। কৃষকদের কোল্ডস্টোরেজে রাখা আলু প্রতি বস্তায় ৩০০ থেকে ৪০০ টাকা লোকসান গুনতে হচ্ছে। এ ছাড়া কোল্ডস্টোরেজের আলু তুলনামূলকভাবে মিষ্টি লাগার কারণে কচুতে ক্রেতাদের আগ্রহ রয়েছে। ফলে চাহিদা ও দাম দুটোই পাচ্ছে স্থানীয় কৃষক পরিবারগুলো। ২০ হাজার টাকা খরচ করে কচু আবাদ করে প্রায় ৬০ হাজার টাকার কচু বিক্রি করা যায়। বিঘাপ্রতি সাত হাজার টাকা খরচ করে জাতভেদে কচুর ফলন পাওয়া গেছে ৬০ থেকে ৮০ মণ। জমি থেকেই কচু নিয়ে বাজারে বিক্রি করছেন পাইকারেরা। স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও পাঠানো হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল বলেন, কচুর দাম বাজারে তুলনামূলক ভালো থাকায় কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। কচুর আবাদ নিয়ে কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে।