সৈয়দপুরে কর্মক্ষেত্রে নারী শ্রমিকের চাহিদা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কৃষিকাজ, চাতাল, গার্মেন্টস, মিল-কারখানা ও মৌসুমি বিভিন্ন কাজে নারী শ্রমিকদের চাহিদা ও দাম বেড়েছে। এ ছাড়া পুরুষের মতো কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা না থাকায় নারী শ্রমিকদের কদরও বেড়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, নারী শ্রমিকেরা পুরুষের পাশাপাশি রোপা আমন খেতের নিড়ানি, পরিচর্যাসহ নানা কাজে পারদর্শিতা দেখাচ্ছেন। এ কারণে আলু উত্তোলন, খেতের নিড়ানি, পরিচর্যাসহ অন্য কাজে নারী শ্রমিকেরা প্রিয় হয়ে উঠেছে গৃহস্থদের কাছে। এতে নারী শ্রমিকের মজুরি কিছুটা হলেও বেড়েছে। পুরুষের সমান পারদর্শী হওয়ায় কৃষি কাজে গ্রামীণ নারীদেরই কাজে লাগানো হচ্ছে বেশি। আগে এসব নারী শ্রমিককে সামান্য মজুরি দিয়ে কাজ করানো গেলেও এখন চাহিদা বেড়ে যাওয়ায় মজুরিও বেড়েছে।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া গ্রামের কৃষক আতিয়ার রহমান, আইয়ুব হোসেন ও আবদুস সাত্তার বলেন, আগাম টাকা না দিয়ে রাখলে নারী শ্রমিকদের সময়মতো কাজে পাওয়া যায় না। এ ছাড়া সরকারের বিভিন্ন ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ও বিধবা ভাতা, কর্মসংস্থান কর্মসূচি, উন্নয়নমূলক কাজে ইউনিয়ন পরিষদের (ইউপি) মাধ্যমে কাজে সম্পৃক্ত হয়ে পড়ায় নারী শ্রমিকদের পাওয়াটাও কষ্টকর হয়ে পড়েছে।

গতকাল রোববার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পরচুলা তৈরি, আগরবাতি, মোমবাতি, লেদার কারখানা ও ইটভাটায় নারীরা কাজ করছেন। খেতের আলু তোলা ও জমি নিড়ানির কাজেও তাঁদের অনেকটা ব্যস্ত সময় পার করতে দেখা যায়। এ ছাড়া বিভিন্ন কল-কারখানা, চাতালে নারী শ্রমিকদের কাজ করতে দেখা যায়। এ সময় বিভিন্ন বয়সী কয়েকজন নারী শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক শ নারী বিভিন্ন শ্রমভিত্তিক কাজে অর্থ উপার্জন করে সংসারের অভাব দূর করছেন। ৫ থেকে ১৫ জন মিলে নারী শ্রমিক দল গঠন করেছেন। মাস শেষে পরিবারের হাতে তুলে দিচ্ছেন টাকা। এর ফলে এসব পরিবারে সচ্ছলতা ফিরে আসছে। কর্মক্ষেত্রে সমস্যায় পড়লে জোটবদ্ধ হয়ে নারীরা প্রতিবাদও করছেন। এতে এখানকার কর্মজীবী নারীরা এগিয়ে যাচ্ছেন। তবে কোনো কোনো ক্ষেত্রে নারী শ্রমিকেরা কর্মক্ষেত্রে নানা হয়রানির শিকার হয়ে থাকেন। পারিশ্রমিকের ক্ষেত্রে আগে যে বৈষম্য ছিল, তা-ও দূর হয়েছে অনেকটা।

এ ব্যাপারে কথা হয় ইকু পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলমের সঙ্গে। তিনি বলেন, নারী শ্রমিকদের কাজের প্রতি একাগ্রতা রয়েছে। তাঁরা অপেক্ষাকৃত কম ফাঁকি দেন। এর ফলে প্রতিটি ক্ষেত্রে দিন দিন বাড়ছে নারী শ্রমিকের চাহিদা। একই কথা বলেন প্রেশার কুকারসহ তৈজসপত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী রাজকুমার পোদ্দারও। তিনি বলেন, কেবল শিল্প-কারখানায় নয়, কৃষিসহ প্রতিটি অঙ্গনেই এখন নারী শ্রমিকদের কাজের পরিবেশ সৃষ্টি হয়েছে।