সৈয়দপুরে কাটারিভোগ ধানের রেকর্ড ফলন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কাটারিভোগ ধান এক বিশেষ পদ্ধতিতে চাষাবাদ করে রেকর্ড পরিমাণ ফলন পাওয়া গেছে। এতে বিঘাপ্রতি ফলন মিলেছে সাড়ে ১০ মণ।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের কৃষক আহসান-উল-হকের চাষকৃত কাটারিভোগ জাতের খেতের ধান গতকাল বৃহস্পতিবার কাটার পর পরিমাপ করে ওই ফল পাওয়া যায়। এ সময় এক্সিলারেটিং অ্যাগ্রিকালচার প্রোডাকটিভিটি ইমপ্রুভড প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ শাহরুখ আহমেদ, মৃত্তিকাবিজ্ঞানী মঈনুল আহসান, নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মো. ইদ্রিস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রংপুর আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শীলা প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. হোমায়রা মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রচলিত চাষ পদ্ধতির বাইরে ভিন্ন এক পদ্ধতিতে কাটারিভোগ ধান চাষাবাদ করা হয়েছে। সচরাচর ধান চাষ পদ্ধতিতে চারা রোপণের সময় জমি সমতল ও ৩-৪ ইঞ্চি পানি জমিয়ে রাখা হয়। কিন্তু কাটারিভোগ ধানের চাষে আলু চাষের সময় দুই পাশ থেকে যেমন মাটি তুলে উঁচু করা হয়, তেমনই কাটারিভোগ ধান চারা রোপণের আগে দুই পাশে উঁচু করে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট দূরে মাত্র একটি করে ধানের চারা রোপণ করা হয়েছিল।