সৈয়দপুরে কুয়া ধসে শ্রমিক নিখোঁজ
নীলফামারীর সৈয়দপুর শহরের পুরোনো বাবুপাড়ার আজিমুদ্দিন লেনে গতকাল শুক্রবার দুপুরে কুয়া ভাঙার সময় মাটি ধসে ভেতরে আটকা পড়েন একজন শ্রমিক। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই এলাকার বাসিন্দা খালিকুর রহমান ওরফে লেবু চৌধুরী তাঁর বাড়ির উঠানে নতুন একটি ঘর তৈরির উদ্যোগ নেন। এ জন্য বাড়ির অভ্যন্তরের পুরোনো কুয়া বন্ধ করতে কয়েকজন শ্রমিক নিয়োগ দেন। গতকাল সকাল থেকে শ্রমিকেরা কুয়ার ভেতর নেমে ইট খোলার কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ ভূমিধস হয়। এতে কুয়ার ভেতরে থাকা শ্রমিক মজনু আলী (৩২) প্রায় ২০ ফুট মাটির নিচে তলিয়ে যান। এ সময় অন্য তিন শ্রমিক চেষ্টা করেও মজনুকে উদ্ধারে করতে পারেননি।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওয়াদুদ আলী বলেন, যেহেতু একজন শ্রমিক মাটির অনেক নিচে চাপা পড়েছেন, সেহেতু তাঁকে উদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে।