সৈয়দপুরে কোরবানির পশুর হাট জমেছে
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ঢেলাপীরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে। হাটের দিন ঢেলাপীরে পর্যাপ্তসংখ্যক গরু-ছাগল উঠতে দেখা গেছে। এবার ভারতীয় গরুর অভাব থাকলেও দেশি গরু, ছাগল, ভেড়া পর্যাপ্ত রয়েছে। তবে গত বছরের তুলনায় দাম একটু বেশি।
গতকাল রোববার ঢেলাপীর হাট ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি বিভিন্ন সাইজের গরু ও ছাগলের বাজার জমে উঠেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা নছিমন, ভটভটি ও ট্রাক ভরে নিয়ে আসছেন পশুগুলো। একটি মধ্যম আকারের ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে ৪০ থেকে ৬০ হাজার টাকা; যা গত বছরের তুলনায় ৫-৭ হাজার টাকা বেশি। কুড়িগ্রাম থেকে নিয়ে আসা আজাদুর রহমান তাঁর ষাঁড়ের দাম চাইছেন ২ লাখ ২০ হাজার টাকা। ঢেলাপীর হাটে ওঠা এ পর্যন্ত সবচেয়ে বেশি দামের গরু এটি।
ক্রেতা আবুল কালাম, আমিনুর ও সহিদার রহমান বলেন, এ হাটে এ বছর গরুর দাম ক্রয়ক্ষমতার মধ্যে থাকলেও দাম তুলনামূলক বেশি। সে তুলনায় হাটে ক্রেতা এখন তেমন নেই।
পশু ব্যবসায়ী আকবর আলী ও কালাম বলেন, পশুর আমদানি ভালো। প্রতিবেশী দেশ থেকে গরু আসছে না সে অনুযায়ী। হাটে শুধু দেশি গরু থাকায় দাম বেশি। ফলে বিক্রি হচ্ছে কম।
লালমনিরহাট থেকে ১৫টি গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী আমজাদ হোসেন। দুটি বিক্রি করতে পারলেও তিনি আশাবাদী পরবর্তী হাটে বাকিগুলো বিক্রি হবে। তিনি বলেন, ক্রেতাদের ৮৫ ভাগ ২৫ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে কোরবানির গরু কিনতে চান। কিন্তু সে দামের গরু কম উঠছে বাজারে। তিনি আশা প্রকাশ করেন, দু-এক দিনের মধ্যে বিক্রি জমে উঠবে।
দিনাজপুরের দশমাইলের গরু ব্যবসায়ী লালন বলেন, ছোট-বড় ১৮টি গরু নিয়ে এসেছেন হাটে। এর মধ্যে দুটি গরু বিক্রি করেছেন ৪২ ও ৫২ হাজার টাকায়। গরু হাটের মতো পাশের ছাগলের হাটেও ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে। একটি মধ্যম আকারের ছাগল ১২ থেকে ১৮ হাজার টাকা দাম উঠলেও সবচেয়ে দামি ছাগলের দাম উঠেছে ৩২ হাজার টাকা। ছাগলটি পার্বতীপুরের বেলাইচণ্ডী থেকে নিয়ে এসেছেন মোকছেদ ইসলাম।
এবার ঢেলাপীর হাটে গত বছরের তুলনায় গরু-ছাগল বিক্রির হাসিল বাড়ানো হয়েছে। গত বছর গরুপ্রতি হাসিল ২৫০ আর ছাগলের ১০০ টাকা হলেও এবার নেওয়া হচ্ছে গরুপ্রতি ৩৫০ টাকা আর ছাগলপ্রতি ১৩০ টাকা। কারণ জানতে চাইলে ইজারাদারের কর্মী জাহেদুল বলেন, সবকিছুর দাম বেড়েছে, কাজেই হাসিল বাড়লে সমস্যা হওয়ার কথা নয়।
এদিকে ক্রেতাদের সুবিধার্থে হাট ইজারাদারের পক্ষে ভ্যাকসিন দিয়ে গরু মোটাতাজা, অসুস্থ ও গর্ভবতী গরু চেনার জন্য হাটে পশুচিকিৎসক রাখার ব্যবস্থা করা হয়েছে।