সৈয়দপুরে ক্রিকেট ক্লাবে হামলায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সৈয়দপুর ন্যাশনাল ক্রিকেট ক্লাবে হামলায় চারজন আহত হয়েছেন। হামলাকারীরা ক্লাব ঘরে লুটপাটও চালিয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, ঈদের ছুটির সুযোগে ক্লাবের পাশের বাসিন্দা ইসরাফিল ক্লাবের পেছনের জমি দখল করে সেখানে পাকা স্থাপনা তৈরি করেন। গত বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা এসব পাকা স্থাপনা দেখে ইসরাফিলকে তা অপসারণের অনুরোধ জানান।ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি আহমেদ আলী বলেন, ইসরাফিলকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বললে তিনি ক্লাবের সদস্যদের দেখে নেওয়ার হুমকি দেন। এতে ক্ষিপ্ত ক্লাব সদস্যরা ওই স্থাপনা ভেঙে ফেলেন।পরে রাতেই ইসরাফিল, তাঁর ছেলে রাশেদ, জামাতা শাহজাহাদা, জামাতার ভাই সাজ্জাদসহ প্রায় ১৫ জন ক্লাবে হামলা চালান। হামলাকারীরা ক্লাব ঘর থেকে ক্রীড়া সরঞ্জাম, টেলিভিশন ও আসবাব লুট করে নিয়ে যান। হামলায় আহত হন: ক্রিকেটার জাহিদ হোসেন, জাভেদ, নওশাদ ও নয়ন। মহল্লাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। ইসরাফিল ক্লাবের জমি দখলের কথা স্বীকার করে বলেন, জায়গা খালি পড়ে ছিল বলেই আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করেছিলাম। ক্লাবের সদস্যরা আমার বাড়ি ভাঙচুর না করলে আমরাও হামলা করতাম না। তবে লুটপাটের কথা অস্বীকার করেন তিনি।