সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস পালিত
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গণপ্রকৌশল দিবস পালন করা হয়। আজ বুধবার আইডিইবি সৈয়দপুর জেলা শাখার উদ্যোগে এ সংক্রান্ত শোভাযাত্রা বের করা হয়। সংগঠনের নিজস্ব কার্যালয়ে সমাবেশ হয়।
সকালে বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। শোভাযাত্রাটি দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা সংলগ্ন নিজস্ব কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন আইডিইবি সৈয়দপুর জেলা শাখার সভাপতি নূরজ্জামান জোয়ারদার। স্বাগত ভাষণ দেন সাধারণ সম্পাদক মোনায়মুল হক। এসব কর্মসূচিতে সৈয়দপুর অঞ্চলের ২ শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা হচ্ছে দেশ গড়ার কারিগর। তারা সব রকমের উন্নয়নে প্রকৌশল সুবিধা দিয়ে আসছে। সমাবেশে সরকারি নিয়োগের ক্ষেত্রে সকল শূন্য পদে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগের জোরালো দাবি জানানো হয়।