সৈয়দপুরে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফল ও মাছে ফরমালিন ব্যবহার এবং নিম্নমানের খাদ্যসামগ্রী বিক্রি করায় নীলফামারীর সৈয়দপুরে ছয় ব্যবসায়ীকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গত সোমবার সৈয়দপুর শহরের বাজারে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। আদালত সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে শহরের পাঁচমাথা মোড় ফলহাটিতে বিসমিল্লাহ ফল ভান্ডারে রাখা আম, আঙুর, খেজুর, আপেল ও মাল্টা পরীক্ষা করে অসহনীয় মাত্রায় ফরমালিনের উপস্থিতি মেলে। এ কারণে ওই প্রতিষ্ঠানের মালিক বাদশা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার রিয়া ফল ভান্ডারে রাখা আম পরীক্ষা করেও ফরমালিন পাওয়া যায়। এ জন্য ওই প্রতিষ্ঠানের মালিক মো. বাপ্পীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শহরের মাছ বাজারের ব্যবসায়ী সুবোধ রায়ের আড়তে রাখা মাছে ফরমালিন পাওয়ায় তাঁকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। নিম্নমানের খাদ্য ও বিএসটিআইয়ের অনুমোদনহীন লাচ্ছা বিক্রির অভিযোগে শহীদ জহুরুল হক সড়কের ব্যবসায়ী এজাজ খানকে দুই হাজার টাকা জরিমানা ও আয়োডিনবিহীন লবণ বিক্রির অপরাধে আখতার খানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।