সৈয়দপুরে জাপার মেয়র প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আচরণবিধির তোয়াক্কা না করেই সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন সৈয়দপুরে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী জয়নাল আবেদীন। গতকাল সোমবার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা শোভাযাত্রায় প্রায় ২০০ মোটরসাইকেল অংশ নেয়।
জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সৈয়দপুর পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে জয়নাল আবেদীনকে মনোনয়ন দিয়েছেন। গতকাল এ খবর সৈয়দপুর এসে পৌঁছালে জয়নাল আবেদীনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ওই শোভাযাত্রা। এ সময় তাঁর সমর্থকেরা ‘লাঙল’ ‘লাঙল’ বলে স্লোগান দেন।
শোভাযাত্রা শেষে শহরের শের-এ-বাংলা সড়কের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে একটি সভা হয়। সভায় জয়নাল আবেদীন ছাড়াও বক্তব্য দেন জাতীয় যুব সংহতির আহ্বায়ক রওশন মাহানামা। জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে বলেন, ‘নীলফামারী-৪ আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী আমাকে পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে তুলে দিয়েছেন। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার হাতে লাঙল প্রতীক তুলে দেওয়া হয়েছে। আমি এই প্রতীকের মান রাখব।’ জনগণ তাঁকে মেয়র পদে নির্বাচিত করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। জাতীয় পার্টির সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী জয়নাল আবেদীন পেশায় একজন ঠিকাদার।
এদিকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নূরুন নাহারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে শোডাউন বা মোটরসাইকেল শোভাযাত্রার সুযোগ নেই। যদি কেউ এমন কাজ করেন তবে অবশ্যই তাঁকে আমরা সতর্ক করে দেব। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’
উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সুরত আলী বাবু অবশ্য বলেন, ‘আমরা কোনো শোডাউন করিনি। আমাদের প্রাণপ্রিয় প্রার্থীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেরিয়েছি শুধু। এটা কোনো ব্যাপার না।’