সৈয়দপুরে জাল টাকাসহ আটক ১
নীলফামারীর সৈয়দপুর শহরে জাল টাকা তৈরির সময় এম এ বাদশা ঢালী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে শহরের ইসলামবাগ মহল্লার একটি বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ।
এ সময় ওই বাড়ি থেকে ৫০০ টাকার ছয়টি জাল নোট, একটি স্ক্রিন প্রিন্ট মেশিনসহ জাল টাকা বানানোর বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
আটক বাদশা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বাদশা প্রিন্টার্সের মালিক।
থানার পুলিশ জানায়, সৈয়দপুর থানা-পুলিশের একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ বাড়ির মালিক বাদশাকে স্ক্রিন প্রিন্টার্স মেশিনে ৫০০ টাকার জাল নোট ছাপার সময় হাতেনাতে আটক করে। এ সময় ওই বাড়ি থেকে জাল টাকা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদার রহমান বলেন, ‘জাল টাকা তৈরির হোতা বাদশাকে আটকের জন্য আমরা চার দিন আগে থেকে সেখানে সোর্স নিয়োগ করি। সোর্সের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনার দিন রোববার রাতে জাল টাকা ছাপার সময় তাঁকে আটক করা হয়। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে।’