সৈয়দপুরে ডিলাররা টিসিবির পণ্য পাচ্ছেন না, অসহায় সাধারণ ক্রেতা
নীলফামারীর সৈয়দপুরের ডিলাররা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পাচ্ছেন না। ফলে নিত্যপণ্যের দাম অনেক বেড়ে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শহরের বিভিন্ন বাজার ঘুরে কয়েকজন ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যের পর্যাপ্ত মজুত থাকলেও দাম কমার কোনো লক্ষণ নেই। ইফতারির উপকরণের দামের পাশাপাশি নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বিপদে পড়েছে। ইতিমধ্যে মাছ ও মাংসের দাম সাধারণের বাইরে চলে গেছে। গরুর মাংস ৪০০ টাকা, দেশি ও সোনালি মুরগি ৩২০ টাকা ও ১৭০ টাকা ও ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই, কাতলা, তেলাপিয়া মাছের দামও বেড়েছে অস্বাভাবিক হারে।
বাজার ঘুরে দেখা যায়, অস্ট্রেলিয়ার ছোলা ৮৫ টাকা, মিয়ানমারের ছোলা ১০০ টাকা, মসুর ডাল ১৩৬ টাকা, মোটা মসুর ডাল ১৩৫ টাকা, বুটের ডাল ৯৬ টাকা, খেসারি ডাল ৭২ টাকা, অ্যাংকর ডাল ৪৮ টাকা, দেশি চিনি ৫৮ টাকা, সাদা চিনি ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ফ্রেশ পাম তেল বিক্রি হচ্ছে ৭২ টাকায়। অথচ রমজানের আগে এর দাম ছিল প্রতি কেজি ৬৪ টাকা। বিভিন্ন ডালের বেসন বিক্রি হচ্ছে ৫৬ থেকে ১০০ টাকা পর্যন্ত। বাড়তি দামে পণ্য কিনতে গিয়ে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। পাইকারি বড় ব্যবসায়ীরা উচ্চ দামে পণ্য বিক্রি করায় প্রভাব পড়ছে খুচরা বাজারে।