সৈয়দপুরে তিন ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইকে দূরপাল্লার যাত্রী পরিবহনে বাধা দেওয়ায় গতকাল বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুরে একজন বাসচালককে গণপিটুনি দেওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বাসশ্রমিকেরা তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সেভেন স্টার পরিবহনের বাসচালক বাবু (৩৫) গতকাল ইজিবাইকে দূরপাল্লার যাত্রী পরিবহনে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইজিবাইকচালকেরা স্থানীয় লোকজনের সহায়তায় উত্তরা ইপিজেডের কাছে বাসের গতি রোধ করে ওই চালককে বেধড়ক পিটুনি দেন। এর প্রতিবাদে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের কয়েক শ শ্রমিক ওয়াপদা মোড় এলাকায় সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ করেন। এতে সৈয়দপুর-নীলফামারী, সৈয়দপুর-দিনাজপুর, সৈয়দপুর-পঞ্চগড় ও সৈয়দপুর-রংপুর মহাসড়কে সব রকম যানবাহন চলাচল বন্ধ থাকে।পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ কে এম আমিনুর রহমান ও সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যস্থতায় শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।ইউএনও আনারকলি মাহবুব প্রথম আলোকে বলেন, ‘পরিবহনশ্রমিকদের সঙ্গে ইজিবাইকচালকদের বিরোধ দীর্ঘদিনের। এ সংকটের সুষ্ঠু সমাধানের জন্য ৩০ জুন প্রশাসনের পক্ষ থেকে বৈঠক আহ্বান করা হয়েছে।’