সৈয়দপুরে তৈরি নন-স্টিকি তৈজসপত্র যাচ্ছে ভুটানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার তৈরি রান্নাঘরের সামগ্রী নন-স্টিকি তৈজসপত্র যাচ্ছে ভুটানের বাজারে। সেখানে দিন দিন সৈয়দপুরের নন-স্টিকি তৈজসপত্রের চাহিদাও বাড়ছে। ‘মঙ্গাকে করেছি জয়, নোয়াহ্ করবে এবার বিশ্বজয়’ স্লোগান ধারণ করে সৈয়দপুরে তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম কিচেন আইটেম, প্রেশারকুকার, হাঁড়ি, পাতিল, জগ, নন-স্টিক ফ্রাইপ্যান, ক্যাসল, কড়াই, তাওয়াসহ রকমারি পণ্য।
সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল লাগোয়া নোয়াহ্ গ্রুপের রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রিজটি প্রায় সাড়ে ৩ একর জমিতে গড়ে ওঠে ১৯৭৮ সালে। প্রথমে কারখানাটি শুধু অ্যালুমিনিয়াম পণ্যসামগ্রী তৈরি করে গোটা উত্তরাঞ্চলের বাজার দখলে নেয়। এরপর ২০০৭ সালে শুরু হয় প্রেশারকুকার, গ্যাস চুলা, নন-স্টিকের নানা পণ্য তৈরির কাজ। মানসম্মত পণ্য তৈরি করায় দ্রুত বাজার দখলে নেয় এসব পণ্য।
নোয়াহ্ গ্রুপ সূত্র জানায়, ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবছর অংশ নিচ্ছে রয়েলেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ। কারখানায় বিভিন্ন পর্যায়ে কাজ করছেন সাড়ে ৩০০ শ্রমিক-কর্মচারী। মালিকের সার্বিক তত্ত্বাবধানে কারখানায় তৈরি হচ্ছে বিদেশে রপ্তানিযোগ্য কিচেন আইটেম। এ কারখানায় উৎপাদিত অ্যালুমিনিয়ামের প্রেশারকুকার, নন-স্টিকের তৈজসপত্র, স্টিলের বাসনপত্র, ইলেকট্রিক রাইসকুকার, গ্যাস চুলা আন্তর্জাতিক মানের। ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে ফ্রাইপ্যান, ক্যাসল, কড়াই, তাওয়াসহ বিভিন্ন পণ্য ভুটানে পাঠানো হয়েছে। সেখানে দিন দিন এসব পণ্যের চাহিদা বাড়ছে। তবে প্রেশারকুকার, নন-স্টিকের তৈজসপত্র তৈরিতে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে হয়। বিশেষ করে অ্যালুমিনিয়াম সার্কেল, পিটিএফআই কোটিং, ফিটিংস সামগ্রী, পলিশিং মেটেরিয়াল, পলিশিং বাফ, অ্যালু: প্রোফাইল, এসএস সার্কেল, এসএস ফিটিংস ও ইলেকট্রিক রাইসকুকারের পার্টস, এসএস সার্কেল আমদানি করতে হয়। কিন্তু এই এসএস সার্কেলের নির্দিষ্ট এইচএস কোড বা সঠিক শ্রেণিবিন্যাস না থাকায় শুল্ক কর্তৃপক্ষ ইচ্ছেমতো শুষ্ক নির্ধারণ করায় এ ধরনের শিল্প বিকশিত হতে পারছে না।
কারখানার মালিক রাজকুমার পোদ্দার বলেন, (এইচএস কোড-৭৬১৫-১০.০০) সর্বনিম্ন মূল্য দুই ডলার প্রতি কেজি মূল্য ধরে নন-স্টিক কুকওয়্যার, প্রেশারকুকার এবং অ্যালুমিনিয়াম তৈজসপত্র আমদানি করা হচ্ছে। অথচ একই পণ্য দেশীয় শিল্পে যারা উৎপাদন করে, তাদের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও দুই ডলার প্রতি কেজি মূল্য নির্ধারণ করে একই রকমভাবে শুল্কায়ন করা হয়। আমদানিকৃত তৈরি পণ্য ও দেশীয় শিল্পে উৎপাদিত পণ্যের কাঁচামাল আমদানির ক্ষেত্রে একই ধরনের মূল্য ধরে শুল্কায়ন দেশীয় শিল্পের জন্য সহায়ক নয়। তবে গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদনে মাঝেমধ্যে বিঘ্নœঘটে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিংসহ নানা সমস্যায় প্রতিযোগিতার বাজারে প্রতি মুহূর্তেই হোঁচট খেতে হয়। একসময় বাইরে থেকে বিশেষজ্ঞ এনে কাজ করানো হতো। এখন এখানকার কারিগরেরা নিজেরাই এসব কাজ শিখে নিয়েছেন। সর্বশেষ গত রোববার (১৯ ফেব্রুয়ারি) তৈজসপত্রের একটি বড় চালান বুড়িমারি স্থলবন্দর হয়ে ভুটানে গেছে।
কারখানার শ্রমিক-কর্মচারী আলম হোসেন, লোকমান আলী, নূর আলম বলেন, কারখানার মালিক শ্রমিকবান্ধব। শ্রমিকদের মধ্যে মিলেমিশে থাকেন। নিয়মিত পারিশ্রমিক প্রদানের পাশাপাশি বিশেষ দিবসে বোনাসসহ উপহারসামগ্রী দিয়ে উৎসাহ দেন। প্রয়োজনে শ্রমিক-কর্মচারীদের অগ্রিম টাকাও দেন।
দি সৈয়দপুর বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, শিল্পকারখানার সমস্যা চিহ্নিত করে দ্রুত এসব সমস্যা দূর করা হলে এই অঞ্চলে শিল্পকারখানা আরও বিকশিত হবে। এতে হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থানও হবে।