সৈয়দপুরে দুর্নীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দীন আহমেদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভার শুরুতেই দুদকের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মনজুর আহ্মেদ। সভায় দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ দুর্নীতি প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
এতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার, দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. আবদুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. নজরুল ইসলাম, সহসভাপতি মো. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. হোমায়রা মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাকেরিনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলার বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান মো. শাহাজাদা সরকার, সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক প্রমুখ।