সৈয়দপুরে দূরপাল্লার বাস ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা দিবা ও রাত্রিকালীন কোচ কমিশন এজেন্ট এবং ম্যানেজার কল্যাণ সমিতির ডাকা অনির্দিষ্ট কালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। গত বুধবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবদুল মান্নানের মধ্যস্থতায় ওই ধর্মঘট ৮ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছরের জুন মাসে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস সৈয়দপুর শহরে দুর্ঘটনার কবলে পড়লে তিনজন নিহত হয়। সে সময় প্রশাসন শহরে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু বিকল্প কোচ টার্মিনালের ব্যবস্থা না থাকায় এখানকার দিবা ও নৈশকোচের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দূরপাল্লার বাসগুলো শহরের বাইরে এলোমেলোভাবে যাত্রী ওঠা-নামা করাচ্ছে।ম্যানেজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রবিউল আউয়াল জানান, যাত্রীদের দুর্ভোগ ও নিরাপত্তার কথা ভেবে দীর্ঘদিন ধরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের কোচ কাউন্টারগুলো থেকে পুনরায় বাস চলাচলের সুযোগ দিতে প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। সমিতির পক্ষ থেকে সর্বশেষ গত ২৭ নভেম্বর নীলফামারী জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে ৩০ নভেম্বরের মধ্যে সুরাহা না হলে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়।আবদুল মান্নান পরিবহনের নেতাদের বলেন, ৮ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে সড়ক পরিবহন কর্তৃপক্ষের সভায় বিষয়টির সমাধান হবে।