সৈয়দপুরে নকল জুস তৈরির সরঞ্জাম জব্দ
নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট চিনি মসজিদ এলাকা থেকে পুলিশ সোমবার রাতে পাঁচ হাজার প্যাকেট নকল জুস এবং জুস তৈরির বিভিন্ন উপকরণ ও যন্ত্রপাতি আটক করেছে। এ সময় নকল জুস তৈরির অভিযোগে মো. শাকিল (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গোলাহাট চিনি মসজিদ এলাকার মো. শাকিল দীর্ঘদিন ধরে তাঁর বাসায় বিভিন্ন রাসায়নিক পদার্থ ও উপকরণ ব্যবহার করে অরেঞ্জ, ম্যাঙ্গো ও লিচুর জুস তৈরি করে আসছিলেন। এসব সৈয়দপুরসহ আশপাশের জেলা ও উপজেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হতো। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সবুরের নেতৃত্বে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে সেখান থেকে পাঁচ হাজার প্যাকেট নকল জুস ও জুস তৈরির বিভিন্ন উপকরণ, যন্ত্রপাতি এবং প্যাকেটের গায়ে লাগানোর বিপুল পরিমাণ লেবেল উদ্ধার করে। এ সময় কারখানার মালিক মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মো. আসলাম উদ্দিনের ছেলে। উদ্ধার করা জুসের লেবেলে ‘মীনা জুস প্রডাক্টস’ ঢাকা, বাংলাদেশ লেখা রয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার শাকিলকে মঙ্গলবার নীলফামারী জেলহাজতে পাঠানো হয়েছে।’