নীলফামারীর সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নয়টি প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সৈয়দপুর শহরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে বিক্রমপুর ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা, গরিবুল্লাহ ফল আড়তকে তিন হাজার, নাটোর দই ঘর, নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও গাউসিয়া হোটেল অ্যান্ড সুইট মিটসকে দুই হাজার টাকা করে, শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পাহেলওয়ান হোটেল ও আল-সামস হোটেলকে এক হাজার টাকা করে এবং শাহ্ আলী ফল ভান্ডারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে পচাবাসী খাবার পরিবেশন এবং আঙুর, আপেল ও মাল্টায় মাত্রাতিরিক্ত ফরমালিন মেশানোর অভিযোগে ওই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মকবুল হোসেন।